বরিশালে ইয়াবাসহ আটক এক ব্যক্তির গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি এআই প্রযুক্তির মাধ্যমে ব্রাজিলের জার্সিতে পরিবর্তন করে গণমাধ্যমে ছবি পাঠানোর অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এক উপপরিদর্শককে (এসআই) শোকজ করা হয়েছে। অভিযুক্ত এসআই তানজিল আহমেদ বিএমপির মিডিয়া সেলের দায়িত্বে রয়েছেন।

ইয়াবাসহ আটক এক ব্যক্তির আর্জেন্টিনার জার্সি এআই প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সিতে পরিবর্তন করে গণমাধ্যমে ছবি সরবরাহের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এক উপপরিদর্শককে (এসআই) শোকজ করা হয়েছে। অভিযুক্ত এসআই তানজিল আহমেদ বিএমপির মিডিয়া সেলের দায়িত্বে রয়েছেন।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ জানান, এসআই তানজিলকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তাঁর জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিএমপির কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জীব চন্দ্র নাথ জানান, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটকের সময় তাঁর গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। পরে জার্সিটি উল্টো করে পরিয়ে তাঁর ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠানো হয়।

সঞ্জীব চন্দ্র নাথ আরও জানান, এসআই তানজিল আহমেদ এআই প্রযুক্তি ব্যবহার করে ওই ছবিতে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি যুক্ত করেন। পরে সেই সম্পাদিত ছবি বিএমপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে ই-মেইল ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পাঠানো হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে সমালোচনা শুরু হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সম্পাদিত ছবি প্রত্যাহার করে প্রকৃত ছবি ও সংশোধিত তথ্য পুনরায় গণমাধ্যমে পাঠানো হয়।

পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ সাংবাদিকদের জানান, এসআই তানজিল প্রাথমিকভাবে ঘটনাটি স্বীকার করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সোমবার বিশ্বকাপে ব্রাজিলের খেলা থাকায় ‘আলোড়ন সৃষ্টি’ করার উদ্দেশ্যে তিনি ছবিটি সম্পাদনা করেছিলেন।