কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের চাকরি কেড়ে নেবে-বিশ্বজুড়ে যখন এমন আশঙ্কা বাড়ছে, তখন সম্পূর্ণ ভিন্ন মত দিয়েছেন অ্যামাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার মতে, এআই মানুষের কর্মসংস্থান কমাবে না; বরং নতুন ধরনের কাজের সুযোগ সৃষ্টি করবে এবং শ্রমের চাহিদা আরও বাড়াবে।

ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ইউরোপের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রদর্শনী ‘ভিভাটেক’-এ বেজোস বলেন, প্রযুক্তির অগ্রগতি ইতিহাসে বারবার নতুন শিল্প ও কর্মক্ষেত্র তৈরি করেছে। এআইও তার ব্যতিক্রম হবে না। তিনি বিশ্বাস করেন, মানুষের উচ্চাকাঙ্ক্ষার অভাব নেই; বরং বিভিন্ন সীমাবদ্ধতা তাদের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়ায়। এআই সেই বাধাগুলো দূর করে উৎপাদনশীলতা ও উদ্ভাবনের নতুন সম্ভাবনা তৈরি করবে। বেজোসের এ বক্তব্য প্রযুক্তি খাতের অনেক প্রভাবশালী ব্যক্তির মতামতের বিপরীত। সম্প্রতি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক সতর্ক করে বলেছেন, এআই তরুণদের কর্মসংস্থানের সুযোগকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। একইভাবে শ্রমিক সংগঠনগুলোও আশঙ্কা করছে, প্রযুক্তির সুবিধা মূলত বিনিয়োগকারীদের হাতে কেন্দ্রীভূত হতে পারে। তবে বেজোসের দৃষ্টিভঙ্গি আরও আশাবাদী। তার নতুন উদ্যোগ ‘প্রমিথিউস’ উৎপাদন শিল্পে এআইয়ের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। এমন এক সময়ে তিনি এ বার্তা দিলেন, যখন বিশ্বজুড়ে স্বয়ংক্রিয় প্রযুক্তি দ্রুত শিল্প ও ব্যবসার চেহারা বদলে দিচ্ছে। একই অনুষ্ঠানে বেজোস মানব জাতির মহাকাশ ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। তার মতে, পৃথিবীর বাইরে মানুষের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করতে চাঁদ হতে পারে প্রথম গুরুত্বপূর্ণ গন্তব্য। প্রযুক্তির সহায়তায় চাঁদের সম্পদ ব্যবহার করে ভবিষ্যতে রকেটের জ্বালানি উৎপাদনও সম্ভব হবে। এআই ও মহাকাশ-দুই ক্ষেত্রেই বেজোসের বার্তা স্পষ্ট : প্রযুক্তি মানুষের বিকল্প নয়, বরং সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের একটি শক্তিশালী হাতিয়ার।