কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও চিপ শিল্পে নিজেদের বৈশ্বিক আধিপত্য নিশ্চিত করতে ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। সোমবার এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। আগামী কয়েক বছরে শত শত কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে এ শিল্পে দেশের শক্তিশালী নেতৃত্ব বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এ ঘোষণার মাধ্যমে প্রেসিডেন্ট লি জে মিউং দেশের এআই এবং চিপ খাতের লক্ষ্যগুলোর সঙ্গে তার রাজনৈতিক প্রতিশ্রুতির সমন্বয় ঘটিয়েছেন। রাজধানী সিউলের বাইরের অঞ্চলের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এবং আঞ্চলিক বৈষম্য কমিয়ে আনতে এই বড় পদক্ষেপ নিয়েছেন তিনি।

লি বলেন, ‘অন্য যে কোনো দেশের চেয়ে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মূল উপাদানগুলো খুব দ্রুত নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে। সেমিকন্ডাক্টর, ফিজিক্যাল এআই এবং এআই ডেটা সেন্টার হলো আমাদের বড় ধরনের অগ্রযাত্রার তিনটি মূল অক্ষ বা ভিত্তি।’ দেশটির শিল্পমন্ত্রী কিম জং-কোয়ান জানান, বিশ্বের বৃহত্তম দুটি মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স এবং এসকে হাইনিক তাদের সরবরাহকারীদের নিয়ে ৮০০ ট্রিলিয়ন ওন (প্রায় ৫১৮ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে। এ বিপুল অর্থ ব্যয় করা হবে দক্ষিণ-পশ্চিম কোরিয়ায় চিপ তৈরির দুটি নতুন কারখানা স্থাপনের জন্য। এছাড়াও চিয়াংচং এলাকায় চিপ প্যাকেজিং ক্লাস্টার তৈরির লক্ষ্যে আরও ৮১ ট্রিলিয়ন ওন (প্রায় ৫২ দশমিক ৫ বিলিয়ন ডলার) বিনিয়োগ করা হবে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গোয়াংজু শহর এবং সাউথ জোল্লা প্রদেশে ৩ দশমিক ২ থেকে ১৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। একই সঙ্গে এসকে গ্রুপ, জিএস গ্রুপ এবং নাভারের সহায়তায় প্রায় ৩৫৬ বিলিয়ন ডলার ব্যয়ে উন্নতমানের এআই ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী বছরগুলোতে এ পরিকল্পিত বিনিয়োগের পরিমাণ ৬৫১ দশমিক ৪১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এ ঘোষণার সময় প্রেসিডেন্টের সঙ্গ বিশ্বের সবচেয়ে বড় দুটি মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস এবং এসকে হাইনিক্সের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী কিম জুং-কোয়ান দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এই উদ্যোগ দেশের প্রযুক্তি খাতে বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াবে ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চিপ উৎপাদনে নেতৃত্ব নিশ্চিত করতে সহায়তা করবে। সূত্র: আল জাজিরা।