বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবার চট্টগ্রাম নগরীতে ফ্রেশিয়ান মালাই চায়ের দোকানে গিয়ে মালাই চা পান করলেন। আজ বুধবার সকাল ১১টার দিকে তিনি চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল থেকে হেঁটে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম গেটসংলগ্ন দোকানটিতে যান।

দোকানে গিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন মালাই চা প্রস্তুতের প্রক্রিয়া এবং এতে ব্যবহৃত উপকরণ সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে জানতে চান। পরে তিনি মালাই চা পান করেন এবং এর প্রশংসা করেন।

চা প্রসঙ্গে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, `আমি শুনেছি চট্টগ্রামের এই মালাই চা বেশ জনপ্রিয়। তাই নিজে এসে এর স্বাদ নিতে চেয়েছি। চা খেয়ে খুব ভালো লেগেছে।'

ফ্রেশিয়ানের মালিক ও জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম বলেন, `ফ্রেশিয়ানের মালাই চা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের মানুষের কাছে জনপ্রিয়। স্থানীয়দের পাশাপাশি দেশ-বিদেশের পর্যটক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখানে এসে এই চায়ের স্বাদ গ্রহণ করেন। মার্কিন রাষ্ট্রদূতের মতো একজন সম্মানিত অতিথির আগমন আমাদের জন্য আনন্দের এবং এটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মালাই চায়ের পরিচিতিকে আরও বিস্তৃত করবে।'