ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর এমপি ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের পর এবার মোবাইল ফোন হারিয়েছেন দলটির আরেকজন সংসদ সদস্য। তিনি হলেন রাজশাহী-১ আসনের এমপি ও দলটির নায়েবে আমির মো. মুজিবুর রহমান।
মঙ্গলবার (২১ জুলাই) এ সংসদ সদস্যের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনটি আজ (মঙ্গলবার) হারিয়ে গেছে।
সেখানে আরও বলা হয়, পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত তার মোবাইল ফোন নম্বরে কোনো ধরনের যোগাযোগ, আর্থিক লেনদেন অথবা ফোন নম্বর থেকে প্রাপ্ত কোনো বার্তা বা নির্দেশনার ভিত্তিতে কোনো পদক্ষেপ গ্রহণ থেকে সবাইকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিষয়টি সমাধান হলে পরবর্তী আনুষ্ঠানিক আপডেট জানিয়ে দেওয়া হবে।
এর আগে গত শনিবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের জুলাই প্রদর্শনীর আয়োজনে অংশ নিতে গিয়ে জামায়াতের এমপি আরমানের মোবাইল ফোন ছিনতাই হয়ে যায়।
এ ঘটনার পর এমপি আরমান শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে ফোন ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
আরএএস/এমকেআর







