জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিগত সময়ে বাংলাদেশ থেকে কয়েকশ বিলিয়ন টাকা বিদেশে পাচার হয়েছে। আমাদের দেশের মূল সমস্যা হচ্ছে লুটপাত ও টাকা পাচার। আপনাদের কাছে কি মনে হয় এই সরকারের সময় কোন দুর্নীতি, লুটপাত, টাকা পাচার হবে না? অবশ্যই হবে।
মঙ্গলবার (৮ জুলাই) রাতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা শেষে টাঙ্গাইল শহরের নিরালামোড়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এই সরকারের সময়ও দুর্নীতি, লুটপাত টাকা পাচার হবে এর কারণ তারা জুলাই সনদ বাস্তবায়ন করেনি।সংসদে অনেকগুলো ঋণ খেলাপিকে নিয়ে আসা হয়েছে। তারা বাজেট দিয়েছেন, বাজেট বাস্তবায়ন করতে পারবেন না, যদি তারা দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজ বন্ধ করতে না পারেন।
তিনি আরও বলেন, সরকার হয়েছে মাত্র ৪ মাস। আমরা ৪ মাসেই শুনতে পারছি অনেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সম্পত্তি কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। শেখ হাসিনার সময় গোপালগঞ্জের উন্নয়ন আমরা দেখেছি, এখন বিএনপি সরকারের সময় উন্নয়ন সব বগুড়ায় হবে। সংসদে আমরাদের সব কথা বলতে দেওয়া হয় না। এই জন্য আমরা আপনাদের কাছে এসেছি। আপনাদের অধিকার আমরা বাস্তবায়ন করবো।
বিরোধীদলীয় চিপ হুইপ বলেন, জুলাই গণঅভ্যুত্থান হয়েছিলো বাংলাদেশের মানুষের জীবনের পরিবর্তনের জন্য। বাংলাদেশের মানুষের মধ্যে যে বৈষম্য, সে বৈষম্য যাতে দূর হয়, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজ দূর হয়ে মানুষের যাতে উন্নয়ন হয়। নির্বাচনে আমরা সংস্কারের পক্ষে ভোট দিয়েছি। দেশের ৭০ শতাংশ মানুষ হ্যাঁ’র পক্ষে ভোট দিয়েছে। আর সরকার যারা গঠিত হয়েছে তারা মাত্র ৪০ থেকে ৫০ শতাংশ ভোট পেয়েছে। যারা সরকার গঠন করেছে তাদের থেকেও বেশি জনমত হল সংস্কার ও জুলাই সনদের পক্ষে।
তিনি আরও বলেন, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় বসে জনগণের এই গণভোটকে অস্বীকৃতি করতে শুরু করেছে। তারা এখনও গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন করেনি। যদি সংস্কার বাস্তবায়ন না হয়, তাহলে দেশে কোনো পরিবর্তন হবে না।
মওলানা ভাসানী নিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, মওলানা ভাসানী শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের জন্য রাজনীতি করতেন। আমরা এনসিপি সাধারণ মানুষের কথা বলতে চাই।
এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, উত্তরাঞ্চলের ডেপুটি মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জমান শাওন ও এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল প্রমুখ।
আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর








