পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় সৈকতের তেত্রিতশকানি পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশ। 

নৌ-পুলিশ সূত্র জানায়, মরদেহের পড়নে একটি গেঞ্জি ছিল। সেখানে লেখা রয়েছে- ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর। 

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। শরীরের চামড়া ও মাংস খসে পড়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। গত রবিবার রাতে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের মাঝি এবং নিখোজ জেলেদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত রবিবার রাতে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের ৬০ কিলোমিটার গভীরে ১১ জন জেলে নিয়ে একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় ৫ জেলে উদ্ধার হলেও এখনও নিখোজ রয়েছে ৬ জন। গত শনিবার রাতে গলাচিপার পানপট্রি ইউনিয়নের খরিদা গ্রামের ইমাদুল সিকদারের মালিকানাধীন ওই ট্রলারটি মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়।