ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফিরেছেন ১০ জন বাংলাদেশি নাগরিক। 

মঙ্গলবার (৭ জুলাই) সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্ত এবং সিলেটের গুচ্ছগ্রাম সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে ভারতে ঢুকেছিলেন। বিএসএফ ও ভারতীয় পুলিশের হাতে আটক হলে আদালত তাদের কারাদণ্ডের নির্দেশ দেয়। দীর্ঘ মেয়াদে ভারতের তোবা কারাগারে সাজাভোগের পর বাংলাদেশ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দেয়।

ফেরত আসাদের মধ্যে রয়েছেন, রাজশাহীর বোরগাছি এলাকার বশির আহমেদ (২০), ডিয়ার মানিকচর এলাকার মো. আহসান হাবীব (১৯), চাঁপাইনবাবগঞ্জের গোটাপাড়া এলাকার বাদশাহ মিয়া (২৯), ফেলুপাড়া এলাকার মো. সাজাদ (২১), মো. রুবেল মিয়া (৩৫) ও মো. আল মামুন (২৮), শেরপুরের ঘুগুরাকান্দি এলাকার মো. মনিরুল ইসলাম (২২), নেত্রকোণার বিজয়পুর এলাকার রেজাউল ইসলাম (২৮), বাওয়াইপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (২৪) এবং কাজিমুদ্দিন (২৪)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ বলেন, “বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ১০ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যমে তাদের নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।”