স্বপ্ন পূরণে অর্থ নয়, প্রয়োজন দৃঢ় ইচ্ছাশক্তি। সেই বার্তাই দিচ্ছেন দিনাজপুরের বীরগঞ্জের তরুণ মুস্তাকিন ইসলাম। শূন্য পকেটে একটি সাইকেল নিয়ে তিনি দেশজুড়ে ঘুরছেন। গত ৫ জুন দিনাজপুর থেকে ৬৪ জেলা ভ্রমণের উদ্দেশে যাত্রা শুরু করেন। টানা ৩৩ দিনের ভ্রমণে ১০ম জেলা হিসেবে তিনি চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যাবেলা চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতু দিয়ে ধীরগতিতে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক তরুণ। মাথায় হেলমেট, সাইকেলের সামনে ও পেছনে ঝুলছে দুটি ব্যাগ। আর সাইকেলের গায়ে বড় অক্ষরে লেখা—‘শূন্য পকেটে সাইকেলে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ’।

‘স্বপ্ন পূরণে অর্থ নয়, প্রয়োজন ইচ্ছা', শূন্য পকেটে দেশ ঘুরছেন তরুণ

ব্যতিক্রমী এই দৃশ্য মুহূর্তেই পথচারীদের দৃষ্টি কাড়ে। অনেকেই কৌতূহল নিয়ে তাঁর দিকে তাকিয়ে থাকেন। কাছে গিয়ে কথা বলতেই জানা যায়, তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুস্তাকিন ইসলাম। স্বপ্ন আর অদম্য সাহসকে সম্বল করে সাইকেলে চড়ে দেশজুড়ে ছুটে চলেছেন তিনি। মুস্তাকিন ওই উপজেলার ১৬ মাইল বাজার দৌলদপুর গ্রামের হান্নান আলীর ছেলে।

মুস্তাকিন বলেন, ‘দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে কাছ থেকে দেখার পাশাপাশি বিভিন্ন জেলার মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানতেই তাঁর এই উদ্যোগ। যাত্রাপথে স্থানীয় মানুষের ভালোবাসা ও সহযোগিতাই তাঁর সবচেয়ে বড় প্রেরণা। অনেকেই তাঁকে খাবার, বিশ্রামের জায়গা এবং প্রয়োজনীয় সহায়তা দিয়ে পাশে দাঁড়াচ্ছেন।’

‘স্বপ্ন পূরণে অর্থ নয়, প্রয়োজন ইচ্ছা', শূন্য পকেটে দেশ ঘুরছেন তরুণ

তিনি আরও বলেন, ‘গত ৫ জুন দিনাজপুর থেকে তিনি যাত্রা শুরু করেন। টানা ৩৩ দিনের ভ্রমণে ১০ম জেলা হিসেবে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছেন। এখান থেকে সন্ধ্যায় রাজশাহীর উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। প্রতিটি জেলায় স্থানীয় দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি সেখানকার মানুষের সঙ্গে কথা বলছেন এবং ভ্রমণের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত তুলে ধরছেন।

মুস্তাকিনের এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, তাঁর এই ভ্রমণ শুধু একটি ব্যক্তিগত স্বপ্নপূরণের গল্প নয়, বরং তরুণদের জন্য সাহস, আত্মবিশ্বাস ও দেশকে জানার এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সোহান মাহমুদ/কেজে/এএসএম