সিলেট সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধ না হলে ইউএনও-ওসি কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার দারুল হাদিস ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদরাসায় মরহুম মাওলানা আব্দুল জব্বার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল পরবর্তী সুধীজনের সাথে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন মন্ত্রী।
তিনি বলেন, ‘সীমান্তবর্তী জনপদ জৈন্তাপুরে মাদক ও চোরাচালান কোনোভাবেই বরদাস্ত করা হবে না। উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির নাকের ডগা দিয়ে কীভাবে চোরাকারবারিরা এমন কর্মকাণ্ড চালায়। সীমান্ত সুরক্ষার পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আগামী তিন সপ্তাহ শুধু প্রচারণা চালান। তারপর থেকে আমিও দেখে নেব চোরাচালান কীভাবে চলে। চোরাচালান বন্ধ না হলে ইউএনও-ওসি কাউকে ছাড় দেওয়া হবে না।’
এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘আগামী ১৯ জুলাই মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি চালু করার পরিকল্পনা আছে। একই সাথে কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য খুব শিগ্গিরই একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে।’
এসময় উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি শাহা, সিলেটের পুলিশ সুপার ড. মো. যাবের সাদেক, ১৯ বিজিবি'র উপঅধিনায়ক মেজর আব্দুল্লা আল মুমিন, জৈন্তাপুর উপজেলার নির্বাহী অফিসার সুনন্দা রায়, সহকারী কমিশনার ভূমি পলি রানী দেব সহ আরও অনেকে।
আহমেদ জামিল/কেজে/এএসএম








