বাংলাদেশে প্রথমবারের মতো বিরল প্রজাতির ‘গোঁফওয়ালা বাদুড়’ (Peyton's Whiskered Bat) শনাক্ত হয়েছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে এই বাদুড়টির সন্ধান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। নতুন এই প্রজাতিটি যুক্ত হওয়ার ফলে দেশে শনাক্ত হওয়া বাদুড় প্রজাতির সংখ্যা বেড়ে ৩৭-এ দাঁড়াল।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ৩ শিক্ষক এবং প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএন (IUCN) বাংলাদেশের একজন গবেষক এই গবেষণায় অংশ নেন। মঙ্গলবার (৩০ জুন) জীববৈচিত্র্য বিষয়ক আন্তর্জাতিক জার্নাল ‘চেকলিস্ট’-এ এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।গবেষক দলের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক আশীষ কুমার দত্ত জানান, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রজাতিটি শনাক্ত করা হয়েছে। সংগৃহীত নমুনাগুলো বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ডলাইফ মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে।গবেষকদের মতে, সাতছড়িতে এই প্রজাতির উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশের বনভূমি এখনো বিরল বন্য প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। তবে পর্যটকদের অতিরিক্ত চলাচল এবং আবাসস্থল ধ্বংসের ঝুঁকির কারণে এই প্রজাতির সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন। ভবিষ্যতে এই বাদুড়ের বিস্তার, বংশবৃদ্ধি ও বাস্তুসংস্থান নিয়ে আরও বিস্তারিত গবেষণার পরিকল্পনা রয়েছে গবেষক দলটির।/