এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের উত্তরপত্র মূল্যায়নে সারা দেশে অভিন্নতা নিশ্চিত করতে প্রশ্নভিত্তিক নমুনা উত্তর ও নম্বর প্রদানের নির্দেশিকা (রুব্রিকস) প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে প্রতিটি প্রশ্নের গ্রহণযোগ্য উত্তর, নম্বর বণ্টন এবং মূল্যায়নের মানদণ্ড বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ নির্দেশিকা প্রকাশ করা হয়। বোর্ড জানিয়েছে, বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের উত্তরপত্র মূল্যায়নের সময় সব পরীক্ষককে প্রকাশিত রুব্রিকস অনুসরণ করতে হবে। নির্দেশিকায় প্রতিটি প্রশ্নের জন্য পূর্ণ নম্বর, আংশিক নম্বর এবং ভুল বা অপ্রাসঙ্গিক উত্তরের ক্ষেত্রে নম্বর প্রদানের মানদণ্ড আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কোন ধরনের উত্তরকে পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য হিসাবে বিবেচনা করা হবে, সে বিষয়েও সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, কোন উত্তর আংশিক সঠিক হলে কীভাবে নম্বর প্রদান করতে হবে এবং অপ্রাসঙ্গিক বা ভুল উত্তরের ক্ষেত্রে কীভাবে মূল্যায়ন করতে হবে, সেটিও রুব্রিকসে নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফলে দেশের বিভিন্ন বোর্ড ও কেন্দ্রের পরীক্ষকদের মধ্যে মূল্যায়নের ক্ষেত্রে সমতা ও স্বচ্ছতা বজায় রাখা সহজ হবে। ঢাকা শিক্ষা বোর্ডের মতে, এ ধরনের মূল্যায়ন নির্দেশিকা অনুসরণের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়নে ব্যক্তিভেদে নম্বরের পার্থক্য কমবে এবং পরীক্ষার্থীরা আরও ন্যায্য মূল্যায়ন পাবেন।