ফুটবলে লাল কার্ড যে কোনো দলের জন্য বড় ধাক্কা। কিন্তু এই বিশ্বকাপে উলটো ছবি। মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগান লাল কার্ড দেখে মাঠ ছাড়তেই হাসি ফুটল হাজার হাজার সমর্থকের মুখে! কারণ, টুর্নামেন্ট শুরুর আগে ডমিনোজ ঘোষণা করেছিল, বালোগান বিশ্বকাপে লাল কার্ড দেখলে তারা ১০ লাখ ডলারের ৬০ হাজারেরও বেশি পিৎজা বিনামূল্যে বিলি করবে। ফলে মাঠে মার্কিন তারকার বহিষ্কার শেষ পর্যন্ত সমর্থকদের জন্য পিৎজা পার্টি দিল। বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সকালে ম্যাচের প্রায় আধা ঘণ্টা ১০ জন নিয়ে খেলেও ইউরোপীয় প্রতিপক্ষ বসনিয়াকে পাত্তাই দিল না পচোত্তিনোর দল। ২৪ বছর পর নকআউট পর্বে প্রথম জয় পেল যুক্তরাষ্ট্র। খেলার বয়স তখন ৬৪ মিনিট। লাল কার্ড দেখলেন ২৪ বছর বয়সি এই মার্কিন ফুটবলার। এই ঘটনায় পিৎজা প্রস্তুতকারী সংস্থার প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিল। বিশ্বকাপ শুরুর আগে এমন ঘোষণা করেছিল ডমিনোজ। তারা বলেছিল, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ফুটবলার যদি বিশ্বকাপে লাল কার্ড দেখেন, সমর্থকদের হতাশা কমাতে ডমিনোজ ১০ লাখ ডলার মূল্যের ‘এমারজেন্সি পিৎজা’ বিনামূল্যে দেবে।’ একই সঙ্গে বিশ্বকাপ উপলক্ষ্যে বিশেষ সংস্করণের জার্সি, ক্যাপ ও স্লাইডসও বাজারে আনা হয়েছিল। কথা রেখেছে তারা। পূর্বঘোষণা কার্যকর করেছে।