নাজিরপুরের শহীদ জিয়া ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক অনুপ হালদারের বিরুদ্ধে একাধিক ছাত্রীর সঙ্গে আপত্তিকর প্রেমালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মৃত অবনী হালদারের ছেলে। জানা গেছে, কয়েকদিন ধরে ওই শিক্ষকের একাধিক ছাত্রীর সঙ্গে প্রেমালাপের বিভিন্ন আপত্তিকর অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ওই শিক্ষকের দাবি, তার ছবি ব্যবহার করে ভাইরাল হওয়া বিভিন্ন অডিওর কণ্ঠ তার নয়। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোমেনা খানম বলেন, ওই শিক্ষকের ভাইরাল হওয়া অডিওর বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ইতঃপূর্বে তার বিরুদ্ধে স্ত্রীর দেওয়া অভিযোগের ভিত্তিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। তাকে ইতোমধ্যে প্রাইভেট পড়াতে নিষেধ করাসহ এইচএসসি পরীক্ষার আসন্ন ব্যবহারিক পরীক্ষায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।