অভিনয় জগতে এক দশকেরও বেশি সময় ধরে পথচলা অহনা রহমানের। মূলত নাটকের অভিনেত্রী তিনি। সিনেমায়ও কাজ করেছেন। তবে সেখানে টিকতে পারেননি। তাই নাটকেই নিজের পথ বেছে নিয়েছে। গত কয়েকদিন ইউটিউবে প্রকাশ হয়েছে তার অভিনীত নতুন কয়েকটি নাটক। এরমধ্যে উল্লেখযোগ্য মাহমুদ হাসান রানার ‘জামাই কিছুই বোঝেনা’ ও ‘জামাই বউয়ের তেলেসমাতি’, জিয়া উদ্দিন আলমের ‘অশান্তির সংসার’ ও ‘ভুল মানুষের ঘর’, জাকিউল ইসলাম রিপনের ‘নিয়তির খেলা’, মাহামুদ হাসান শিকদারের ‘বিলকিসের ভাতের হোটেল’ ও মহিন খানের ‘বউয়ের পতন’। সবগুলো নাটকে অভিনয়ের জন্যই বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন অহনা। তিনি বলেন, ‘এখন কোনো কাজের প্রস্তাব এলে আগে গল্পটা মনোযোগ দিয়ে শুনি। গল্প ভালো লাগলে নিজের চরিত্রটিও ভালোভাবে বুঝার চেষ্টা করি। কারণ আমার কাছে মনে হয়, এ সময়ে এসে শুধু অভিনয় করে গেলাম, এ ধরনের কাজের প্রতি আগ্রহ নেই। আমি ধন্যবাদ জানাই আমাকে নিয়ে যারা নিয়মিত কাজ করেন তাদের প্রতি। আরেকটি কথা বলতে চাই, আমার সহশিল্পী কে হবেন এ বিষয় নিয়ে আমার কখনো কোনো মাথাব্যথা নাই। পরিচালক যাকে ভালো মনে করেন চরিত্রের জন্য মানানসই মনে করেন তাকে নিয়ে কাজ করবেন, এমনটাই আমার চাওয়া থাকে। আমি মন দিয়ে তার সঙ্গে কাজটি করি।’








