বাংলাদেশে মদপানে লাইন্সেসের বাধ্যকতার বিষয়ে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ-সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেছেন, ‘গাড়ি চালাইতে লাইন্সেস লাগে, মোটরসাইকেল চালাইতে লাইন্সেস লাগে, দোকান চালাইতেও লাইন্সেস লাগে। এখন শুনি মদ খাইতেও নাকি লাইন্সেস লাগে। এটা কোন দেশের আইন আমি জানি না।’ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ইকবাল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটা কথা না বললেই না। মদ কি মাদক? না মাদক আর মদ এটা মিলানো দরকার। কারণ পুলিশ একটা ব্যবসা পাইছে। এক বোতল মদ পাইলে মানুষকে মামলা দেয়। শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি বেশি ভালো না। এ জন্য পুলিশের বাজেট বাড়ানো দরকার।