রাজধানী ঢাকার গণপরিবহণে যাত্রীদের দীর্ঘদিনের তথ্য সংকট দূর করতে চালু হয়েছে ‘প্যাসেঞ্জার’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ। ‘ম্যাংগো’ নামের প্রযুক্তিনির্ভর উদ্যোগের আওতায় তৈরি এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা সহজেই বাসের রুট, নির্ধারিত স্টপেজ এবং বিআরটিএ নির্ধারিত ভাড়ার তথ্য জানতে পারবেন।
উদ্যোক্তারা জানান, রাজধানীতে প্রতিদিন লাখো মানুষ গণপরিবহণ ব্যবহার করলেও সঠিক তথ্যের অভাবে যাত্রীদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। কোন বাস কোন রুটে চলাচল করে, কোথায় কোথায় থামে কিংবা নির্ধারিত ভাড়া কত-এসব তথ্য সহজে না পাওয়ায় যাত্রী ও বাসকর্মীদের মধ্যে প্রায়ই অনাকাঙ্ক্ষিত বিতর্কের সৃষ্টি হয়। এ সমস্যার সমাধানেই চালু করা হয়েছে প্যাসেঞ্জার অ্যাপ।
অ্যাপটি ‘ম্যাংগো’র প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সালেহ সাজ্জাদের একক প্রচেষ্টায় তৈরি হয়েছে। ইতোমধ্যে এটি গুগলের অ্যান্ড্রয়েড প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে। ‘ম্যান’ (মানুষ) এবং ‘গো’ (যাওয়া) শব্দ দুটি মিলিয়ে ‘ম্যাংগো’ নামকরণ করা হয়েছে। উদ্যোগটির মূল লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করা। বর্তমানে অ্যাপটির প্রাথমিক সংস্করণে ঢাকার বিভিন্ন বাসের নাম, রুট, নির্ধারিত স্টপেজ এবং বিআরটিএ’র তালিকা অনুযায়ী ভাড়ার তথ্য যুক্ত করা হয়েছে। ভবিষ্যতে অ্যাপটিতে রিয়েল-টাইম বাস লোকেশন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সেবা এবং ডিজিটাল টিকিটিং ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।








