বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীনে না রেখে সরাসরি বিশ্ববিদ্যালয়কে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।

বৃহস্পতিবার ছাত্র ইউনিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে।

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দুর্জয় রায় ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম এক যৌথ বিবৃতিতে বলেন, গত অর্থবছরে মাত্র ২১ কোটি টাকার গবেষণা বরাদ্দ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যে পরিমাণ গবেষণা পরিচালনা করেছেন, তা সীমিত সম্পদ দিয়েও অসাধারণ সক্ষমতার পরিচয় বহন করে। বাস্তবতা হলো অনেক শিক্ষক কোনো গবেষণা অনুদান পান না। ব্যক্তিগত অর্থ ব্যয় করে তাঁরা গবেষণার যন্ত্রপাতি সংগ্রহ করেন, অফিস পরিচালনা করেন এবং আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন। এবার সেই সামান্য বরাদ্দও সরাসরি না দিয়ে ইউজিসির মাধ্যমে অর্থায়নের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে আরও সংকুচিত করবে এবং গবেষণাকে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের অধীন করে ফেলবে।

অন্যদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে একই দাবিতে সংবাদ সম্মেলন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের আহ্বায়ক মোজাম্মেল হক।

লিখিত বক্তব্যে বলা হয়, এশিয়ার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের মোট বাজেটের ১০ থেকে ২৫ শতাংশ শুধু মৌলিক ও ফলিত গবেষণার জন্য ব্যয় করে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বরাদ্দ খুবই নগণ্য থাকে। এবার গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়কে সরাসরি বরাদ্দ না দিয়ে ইউজিসির কাছে অর্থ রাখা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ধারণার সম্পূর্ণ বিরোধী এবং স্বাধীন গবেষণায় হস্তক্ষেপের শামিল।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় কোন বিষয়ে গবেষণা করবে এবং কোন খাতে কত বরাদ্দ দেবে, তা নির্ধারণ করার পুরো এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের। তাই গবেষণা খাতের বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারেই রাখতে হবে, মঞ্জুরি কমিশনের কাছে নয়।

এর আগে গত ৩০ জুন অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের বাজেট পেশ করা হয়। এবারই প্রথম বিশ্ববিদ্যালয়গুলোকে স্বতন্ত্রভাবে গবেষণার বাজেট বরাদ্দ দেয়নি ইউজিসি।

এ বিষয়ে সরকারের প্রতিনিধি হিসেবে সিনেট সভায় শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শারমীনা নাসরীন বলেছিলেন, ‘এ বছর অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সব বিশ্ববিদ্যালয়ের গবেষণা বরাদ্দ এ বছর ইউজিসিকে দেওয়া হবে। ইউজিসির মাধ্যমেই তা বাস্তবায়ন করা হবে। এটি একটি সরকারি সিদ্ধান্ত।’