বড়লেখায় স্কয়ার গ্রুপের মালিকানাধীন সাবাজপুর চা বাগানে চা বোর্ড ও বন বিভাগের অনুমতি ছাড়াই অবৈধভাবে সরকারি লিজের (খাস) টিলা ভূমি থেকে গাছ কাটার অভিযোগে বাগান ম্যানেজার নাহিদ ফেরদৌস চৌধুরীকে প্রধান ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মামলাটি করেছেন উপজেলার ভুগা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার) পংকজ তালুকদার।
মামলার বিবরণে জানা গেছে, সাবাজপুর চা বাগানের ম্যানেজার বাগানের ভেতরের বিপিন টিলা, দক্ষিণাঞ্চলের বৈকণ্ঠটিলা, আনডহর ও আশপাশ এলাকার টিলাভূমি থেকে প্রায় তিন মাস ধরে অবৈধভাবে বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে বিক্রি করেন। অভিযোগের ভিত্তিতে ৪ জুলাই সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া ও বন বিভাগের কর্মকর্তারা অবৈধভাবে কেটে স্তূপ করে রাখা বিভিন্ন প্রজাতির ২৫১টি টুকরায় ১৬ শতাধিক ঘনফুট কাঠ জব্দ করেন। যার বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা। এতে সরকারের কয়েক লাখ টাকা রাজস্ব ফাঁকি হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, বৈধ প্রক্রিয়া ছাড়াই চা বাগান ব্যাপক হারে গাছ কেটে ফেলে। অনুমতি ছাড়াই গাছ কাঠায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।








