গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবু সালেম প্রধান (২৮) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আবু সালেম প্রধান উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলাবাগানের একটি গাছে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, স্কুলশিক্ষক আবু সালেম প্রধানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত হতাশা বা পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রতিবেদন গেলে প্রকৃত কারণ জানা যাবে।