মুন্সিগঞ্জের গজারিয়ায় এক কলেজছাত্রকে অপহরণ করে শারীরিক নির্যাতন ও মাদক সেবনে বাধ্য করে ভিডিও ধারণের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থানার সামনে এ কর্মসূচি পালন করেন গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির মেধাবী ছাত্র মো. রেদোয়ান আহমেদ হিমেলকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়। পরে তাকে দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তাকে জোরপূর্বক মাদক সেবন করিয়ে সেই দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়। এ ঘটনায় হিমেলের পরিবারের পক্ষ থেকে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৭ জুন সন্ধ্যায় পরীক্ষার ফলাফল জানতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন হিমেল। পরে উপজেলার আব্দুল্লাহপুর ও পুরান বাউশিয়া এলাকার তিন রাস্তার মোড় থেকে কয়েকজন যুবক তার পথরোধ করে তাকে তুলে নিয়ে যায়। নির্জন স্থানে নিয়ে হিমেলকে মারধর করা হয় এবং মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তার হাতে মাদকদ্রব্য দিয়ে ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একজন সহপাঠীর সঙ্গে এমন অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।এ বিষয়ে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিজন বাড়ৈ জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রাজনীতি
গজারিয়ায় শিক্ষার্থীকে নির্যাতন ও ভিডিও ধারণ, বিচারের দাবিতে মানববন্ধন

শেয়ার করুন







