গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) সামার-২০২৬ টার্মে ভর্তি হওয়া ৫৪৬ জন নবীন শিক্ষার্থীর ওরিয়েন্টেশন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফুল ও ফলজ চারা রোপণ করা হয়। এর আগে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভুঁইয়া।বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আজ উচ্চশিক্ষা ও গবেষণায় দেশের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান। টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিং ২০২৬-এ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে।’উপাচার্য আরও জানান, গাকৃবি এখন পর্যন্ত ৯৭টি উচ্চফলনশীল জাত ও ২০টির বেশি প্রযুক্তি উদ্ভাবন করে দেশের কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়েও বিশ্ববিদ্যালয়টি শীর্ষস্থানীয় অবস্থান ধরে রেখেছে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাগত বক্তব্য দেন এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলার বিষয়ে দিকনির্দেশনা দেন। এবারের সামার টার্মে স্নাতক পর্যায়ে ৫১৩ জন, স্নাতকোত্তর পর্যায়ে ৩০ জন এবং পিএইচডিতে ৩ জনসহ মোট ৫৪৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
রাজনীতি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

শেয়ার করুন







