রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় বিকাশের দোকান মালিককে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান আসামি মো. মামুনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে গাজীপুর মহানগরের গাছা থানার ফকির মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মামলার এক নম্বর আসামি ও ঘটনার মূলহোতা মামুনকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, মামুন একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর আদাবর, মোহাম্মদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।