নারায়ণগঞ্জের ফতুল্লা হাটে গলায় প্লাস্টিকে নল ঢুকিয়ে অতিরিক্ত পানি খাইয়ে একটি ছাগল হত্যার অভিযোগে পশুর বেপারি ও কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বন্দর থানার লাঙ্গলবন্দ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-পশু বেপারি সাহাবুদ্দিন ও কর্মচারী হাসনাত। তাদের গ্রামের বাড়ি বন্দর থানার লাঙ্গলবন্দ পাঁচ কামতাল।
পশু বেপারি সাহাবুদ্দিন জানান, তিনি ও তার কর্মচারী হাসনাত বিভিন্ন জেলা থেকে ছাগল কিনে নারায়ণগঞ্জের বিভিন্ন সাপ্তাহিক হাটে বিক্রি করেন। ক্রেতারা মোটা তাজা ও ওজন দেখে বেশি দাম দেওয়ায় ছাগলের গলার ভিতরে প্লাস্টিকের নল ঢুকিয়ে দেওয়া হয়। এরপর বদনা দিয়ে নলে পানি ঢাললে ছাগলের পেট ফুলে যায়। দীর্ঘদিন ধরেই এভাবে পশুর ব্যবসা করেন তিনি। কখনো সমস্যা হয়নি। ২ জুন একটি ছাগলকে বেশি পানি খাওয়ানোয় সেটি মারা যায়।




