গাজীপুরের টঙ্গীর উত্তর ছায়াবীথি এলাকার আলোচিত হাজী মাজার বস্তিতে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সকালে চিহ্নিত অন্তত ৩০০ জন মাদক কারবারির ঘরের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। মাদকবিরোধী বিশেষ এই অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা এই অভিযান চালানো হয়। অভিযানে চিহ্নিত মাদক কারবারিদের আস্তানা থেকে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগের পাশাপাশি পুলিশি নজরদারি এড়াতে বসানো সিসিটিভি ক্যামেরার সংযোগও বিচ্ছিন্ন করা হয়। অভিযানে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এবং স্থানীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে পুলিশের এই ঝটিকা অভিযানে কোনো মাদক কারবারিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।অভিযান শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, ‘শুধুমাত্র পুলিশের শক্তির মাধ্যমে এই বিপুল পরিমাণ মাদক নির্মূল করা সম্ভব নয়। এখানে যারা বিদ্যুৎ, পানি, গ্যাস এবং ওয়াইফাই সংযোগ দিচ্ছেন, সেই সব ইউটিলিটি সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ও জমির মালিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তবেই এলাকাটি মাদকজাতীয় অভিশাপ থেকে মুক্ত হবে।’তিনি আরও বলেন, ‘সমগ্র বাংলাদেশে এমন স্পট আমি আগে কখনো দেখিনি, যেখানে শত শত ঘর এবং হাজার হাজার মানুষ একযোগে মাদক সেবন ও কারবারে যুক্ত থাকে। গত এক মাসেও গাজীপুরের অন্যান্য এলাকায় ১৭১টি মামলা দেওয়া হয়েছে। কিন্তু মাজার বস্তির এই এলাকায় এসে পুলিশকে বারবার বিব্রত হতে হচ্ছে। তাই এবার আমরা কঠোর ব্যবস্থা হিসেবে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছি।’গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, টঙ্গীর এই মাদক স্পটটি চিরতরে নির্মূল না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।