গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ রেলপথে কাওরাইদ রেলস্টেশনের প্রবেশমুখে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঢাকামুখী ৫২ ডাউন জামালপুর কমিউটার ট্রেনটি প্রায় তিন ঘণ্টা আটকে থাকে। এতে ট্রেনের শতাধিক যাত্রীকে দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয়। পরে মেরামতের মাধ্যমে ইঞ্জিন সচল হলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে কাওরাইদ রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন নম্বর-২৪০১ হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে লাইনে থেমে যায়। এতে কিছু সময়ের জন্য ওই রুটে ট্রেন পরিচালনায় জটিলতা তৈরি হলেও বিকল ট্রেনটি দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হয়।
খবর পেয়ে মশাখালী রেলওয়ে স্টেশনে অবস্থানরত ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন নম্বর-২৯১৬ উদ্ধার কার্যক্রমে পাঠানো হয়। এ সময় কাওরাইদ রেলওয়ে স্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেনও অবস্থান করছিল।
কাওরাইদ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আল আমিন জানান, সকাল ১০টার দিকে স্টেশনের আউটার এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। প্রয়োজনীয় মেরামতের পর দুপুর ১২টা ৫২ মিনিটে ইঞ্জিনটি সচল করা সম্ভব হয়। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শামীম আহমেদ বলেন, ট্রেনটির ইঞ্জিন কাওরাইদ স্টেশনের আউটার এলাকায় বিকল হয়েছিল। বিষয়টি কাওরাইদ স্টেশন কর্তৃপক্ষই সমন্বয় করেছে। পরে ট্রেনটি দুপুর দেড়টার দিকে শ্রীপুর স্টেশনে পৌঁছায়।
ময়মনসিংহ থেকে ঢাকাগামী যাত্রী জিল্লুর রহমান বলেন, “কাওরাইদ স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি বিকল হয়ে যায়। দীর্ঘ সময় অপেক্ষার পর দুপুরের দিকে আবার চলাচল শুরু করে। এতে আমাদের চরম ভোগান্তি হয়েছে।”
ট্রেনটির আরো কয়েকজন যাত্রী জানান, আকস্মিক এই যান্ত্রিক ত্রুটির কারণে তারা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। বিশেষ করে অফিসগামী ও জরুরি কাজে যাত্রাকারীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন।
কাওরাইদ রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানান, জামালপুর কমিউটার ট্রেনটি বিকল হলেও ঢাকা-ময়মনসিংহ রেলপথে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক ছিল।








