দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, তদন্তে সত্যতা মিললে বিচারে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি দলটির সব সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে ট্রাইব্যুনাল আইনে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনেই আওয়ামী লীগ সরকার একসময় জামায়াতকে নিষিদ্ধ করেছিল। এখন সেই আইনি কাঠামোর আওতায় আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত চলছে।
রোববার (৫ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন
হামে শিশুর মৃত্যু, ড. ইউনূস-শফিকুলসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
আমিনুল ইসলাম বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কি হবে না, সে বিষয়ে আমাদের তদন্ত চলছে। তদন্তের পর সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, রিপোর্ট যদি দাখিল করা হয়; চিফ প্রসিকিউটর হিসেবে আমার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। এ বিষয়ে তদন্ত চলছে।
তিনি বলেন, তদন্তে যদি মানবতাবিরোধী অপরাধসহ উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার পরিচালনা করা সম্ভব হবে। অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণ হলে আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে আইনে দলটির সম্পত্তি বাজেয়াপ্তেরও সুযোগ রয়েছে।
চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাসবিরোধী আইন— উভয় আইনের আওতায়ই করা সম্ভব। এই দুই আইন সংশোধনের মাধ্যমে সংগঠন বা রাজনৈতিক দলের বিচার করার যে আইনি কাঠামো তৈরি হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের সময়েই প্রণীত হয়েছিল।
আরও পড়ুন
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
ব্রিফিংয়ে মো. আমিনুল ইসলাম ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আনা হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগের কথা তুলে ধরেন। তিনি আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ডসহ কয়েকটি নির্দিষ্ট মামলায় শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
এর আগে, গতকাল শনিবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন, নিপাত ও নির্মূল হয়েছে এবং দলটি আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিচারের দাবি উঠেছে, তদন্ত চলছে এবং শিগগির আইন অনুযায়ী তাদের বিচারের মুখোমুখি করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের পরদিন চিফ প্রসিকিউটর সাংবাদিকদের সামনে তদন্তের অগ্রগতি এবং বিদ্যমান আইনি কাঠামোর বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
এফএইচ/কেএসআর








