গাজীপুরে একের পর এক শিল্পকারখানা বন্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
আতাউর রহমান বলেন, গাজীপুর বাংলাদেশের শিল্প অর্থনীতির প্রাণকেন্দ্র। লাখো শ্রমিকের রুটি-রুজির ব্যবস্থা হয় এখান থেকে। সেই গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ হওয়ার বহুমাত্রিক নেতিবাচক প্রভাব রয়েছে।
তিনি বলেন, এটা দেশের প্রধান উৎপাদন খাতে ঘাটতি তৈরি, বহু শ্রমিকের বেকারত্ব, বেকারত্বজনিত সামাজিক অস্থিরতা এবং অর্থনীতি সম্পর্কে শঙ্কা তৈরি করে। ফলে এ বিষয়ে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। তদন্ত করে কারখানা বন্ধের প্রকৃত কারণ বের করতে হবে। কোনো দুরভিসন্ধিমূলক কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, এক সপ্তাহে ১৩টি গার্মেন্টস বন্ধ হওয়া আসলেই উদ্বেগজনক। এসব কারখানা বন্ধ হওয়ার পেছনে কাঁচামালের মূল্য বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদ, উৎপাদন খরচ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ কমে যাওয়াই কারণ হিসাবে সামনে এসেছে। এর সঙ্গে যোগ হয়েছে নানা দাবিতে শ্রমিক আন্দোলন। এসব কারণের সঙ্গে অন্য ধরনের দুরভিসন্ধির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ফলে সরকারের সতর্কতা কাম্য।








