বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার বিচার ও আইন খাতের ডিজিটাল রূপান্তরের একটি প্রকল্পের কাজ পেয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ‘গভর্ন্যান্স রিফর্ম অ্যান্ড ট্রান্সফরমেশন (গ্রেট)’ উদ্যোগের আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।
প্রকল্পের আওতায় গাম্বিয়ার বিচার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিচার বিভাগের জন্য একটি সমন্বিত ডিজিটাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম (ডিসিএমএস) তৈরি ও চালু করা হবে। পাশাপাশি আদালতের কার্যক্রম ডিজিটালি সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ছয়টি নতুন কোর্টরুমে কম্পিউটার-নিয়ন্ত্রিত ট্রান্সক্রিপশন সিস্টেম (ক্যাটস) সম্প্রসারণ করা হবে। এ ছাড়া ট্রুথ, রিকনসিলিয়েশন অ্যান্ড রিপারেশনস কমিশনের (টিআরআরসি) সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি জনগণের কাছে তুলে ধরতে একটি উন্মুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মও তৈরি করা হবে।
ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড এর আগে ইউএনডিপির ১৬টির বেশি প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। বাংলাদেশ ছাড়াও প্রতিষ্ঠানটি আফগানিস্তান, তুরস্ক, জাম্বিয়া, উগান্ডা, লেসোথো এবং পূর্ব তিমুরে ইউএনডিপির সঙ্গে অংশীদারত্বে বিভিন্ন জাতীয় পর্যায়ের ডিজিটাল গভর্ন্যান্স, ই-সেবা এবং সরকারি তথ্যপ্রযুক্তি অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কাজ করছে।
ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির বলেন, ‘বাংলাদেশের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য এটি অত্যন্ত গৌরবের বিষয় যে আমরা গাম্বিয়ার বিচার ও আইন খাতের মতো গুরুত্বপূর্ণ একটি জাতীয় পর্যায়ের ডিজিটাল রূপান্তর প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছি।’
সংশ্লিষ্টদের মতে, উন্নয়নশীল দেশগুলোর সরকারি সেবা ও বিচারব্যবস্থা ডিজিটাল রূপান্তরে বাংলাদেশের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো যে সক্ষমতা অর্জন করেছে, ড্রিম৭১-এর এই অর্জন তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।







