আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ চলমান বিশ্বকাপে রেফারিং নিয়ে চলা বিতর্ককে গুরুত্ব দিতে রাজি নন। তার দাবি, টুর্নামেন্টজুড়ে রেফারিরা ভালোই দায়িত্ব পালন করছেন, আর অযথা বিতর্কের জন্ম দিচ্ছে গণমাধ্যম।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে তার কোনো অভিযোগ আছে কি না জানতে চাইলে মার্তিনেজ স্পষ্ট জবাব দেন, ‘না, একদমই না। আমার মনে হয় রেফারিরা দারুণ কাজ করছেন। অনেক সময় গণমাধ্যমই এসব গল্প তৈরি করে এবং বিতর্ক সৃষ্টি করে। আমরা সেসব নিয়ে ভাবছি না। আমাদের পুরো মনোযোগ মাঠে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার দিকে।’

বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে রেফারিং নিয়ে আলোচনা-সমালোচনা চললেও আর্জেন্টিনা শিবিরের অবস্থান যে ভিন্ন, মার্তিনেজের বক্তব্যে সেটাই স্পষ্ট হয়েছে।
এদিকে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের প্রতি সম্মান দেখিয়েই মাঠে নামতে চান আর্জেন্টিনার এই সেন্টার-ব্যাক।

মার্টিনেজ বলেন, ‘প্রতিপক্ষকে সম্মান করা আমাদের দলের অন্যতম বৈশিষ্ট্য। সুইজারল্যান্ড যদি কোয়ার্টার ফাইনালে উঠে আসে, তাহলে অবশ্যই তারা সেটা নিজেদের যোগ্যতায় অর্জন করেছে।’

তিনি আরও বলেন, ‘তারা শারীরিকভাবে খুবই শক্তিশালী দল এবং সেট-পিস থেকে ভীষণ বিপজ্জনক। আমরা জানি আমাদের কঠিন একটি ম্যাচ অপেক্ষা করছে। আমি মনে করি, এটি দর্শকদের জন্য দারুণ একটি লড়াই হবে।’

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাই এখন আর্জেন্টিনার লক্ষ্য। তবে মার্টিনেজের কথায় পরিষ্কার, প্রতিপক্ষকে একটুও খাটো করে দেখছে না লিওনেল স্কালোনির দল।

আরআর/আইএন