জিম্বাবুয়ে সফরটা এখন পর্যন্ত বাংলাদেশের জন্য হতাশারই। একমাত্র টেস্টে হারার পর ওয়ানডে সিরিজেও টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে মেহেদী হাসান মিরাজের দল। তাই আজ হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাদের লক্ষ্য অন্তত হোয়াইটওয়াশ এড়ানো।
সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। একাদশেও এনেছে দুটি পরিবর্তন। দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। জায়গা হারিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানা।
প্রথম দুই ওয়ানডেতে যথাক্রমে ২৫ ও ১৩ রানের জয় তুলে নিয়ে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। শেষ ম্যাচে তারা বিশ্রাম দিয়েছে নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভাকে। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। এছাড়া একাদশে এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি ও ব্লেসিং মুজারাবানির পরিবর্তে সুযোগ পেয়েছেন ওয়েলিংটন মাসাকাদজা, তানাকা শিভাঙ্গা ও আর্নেস্ট মাসুকু।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানভির ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ
বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), ব্র্যাড ইভান্স, ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু ও তানাকা শিভাঙ্গা।
এসকেডি/আইএন/এএমএ








