প্রাণ বাঁচাতে গাজা থেকে ব্রাজিলে গিয়েছিলেন এক ফিলিস্তিনি কিশোরী। নাম তালা মোহাম্মদ আওয়াদ (১৫)। ব্রাজিলের সাও পাওলোর সরকারি স্কুলভিত্তিক গণিত প্রতিযোগিতায় সে দ্বিতীয় ধাপে স্বর্ণপদক জিতেছে। এ সাফল্যের ফলে সে এখন প্রতিযোগিতার পরবর্তী রাজ্য-পর্যায়ের ধাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করল। ইসরাইলি হামলা, বাস্তুচ্যুতি ও পুনর্বাসনের কঠিন অভিজ্ঞতা পেরিয়ে ব্রাজিলে নতুন জীবন শুরু করেছে অদম্য এই কিশোরী। খবর মিডল ইস্ট মনিটরের। পর্তুগিজ ভাষায় প্রচারিত তথ্য অনুযায়ী, এ ফলাফলের মধ্য দিয়ে সে এখন রাজ্য-পর্যায়ের পরবর্তী ধাপে জায়গা করে নিয়েছে। সাও পাওলো অঙ্গরাজ্যের সরকারি স্কুলগুলোর শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতাকে সেখানে গুরত্বপূর্ণ শিক্ষামূলক আয়োজনগুলোর একটি হিসাবে দেখা হয়। এর লক্ষ্য শিক্ষার্থীদের গণিত দক্ষতা বাড়ানো এবং সরকারি শিক্ষা ব্যবস্থায় একাডেমিক উৎকর্ষ উৎসাহিত করা। গাজায় যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও বাস্তুচ্যুতির অভিজ্ঞতা পেরিয়ে ব্রাজিলে পুনর্বাসিত হওয়ার পর তালার এই সাফল্য বিশেষভাবে আলোচনায় এসেছে। নতুন দেশ, নতুন ভাষা এবং সম্পূর্ণ ভিন্ন শিক্ষা ব্যবস্থার সঙ্গে অল্প সময়ের মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে সে প্রতিযোগিতার সেরা শিক্ষার্থীদের একজন হিসাবে উঠে এসেছে। এক সাক্ষাৎকারে তালা জানায়, ফল প্রকাশের পর প্রথমে সে স্বর্ণপদক পাওয়ার বিষয়টি বিশ্বাসই করতে পারেনি। তার ভাষায়, দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও পরিবারের সমর্থনের ফলেই এই সাফল্য এসেছে। সে প্রথমেই বাবা-মাকে খবরটি দিতে চেয়েছিল, কারণ তারা সব সময় তাকে সাহস জুগিয়েছেন এবং যে কোনো পরিস্থিতিতেই সফল হতে পারবে বলে ভরসা দিয়েছেন।








