গাংনীতে সাবেক শাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় হাউস আলীকে আমৃত্যু পর্যন্ত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলি মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, স্ত্রীর দেওয়া তালাকে ক্ষুব্ধ হয়ে ২০১৬ সালের ৭ মে রাতে গাংনী উপজেলার শহড়াবাড়িয়া গ্রামে সাবেক শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে না পেয়ে শাশুড়ি ফুলসুরাতনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন হাউস আলী। গুরুতর দগ্ধ ফুলসুরাতন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাবেক স্ত্রী আম্বিয়া খাতুন বাদী হয়ে আদালতে মামলা করেন।








