কুষ্টিয়ার খোকসায় গড়াই নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বনগ্রাম খেয়াঘাট-সংলগ্ন এলাকায় নদের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির পরনে কফি রঙের হাফহাতা শার্ট ছিল।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ২-৩ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে, মৃত্যুর সঠিক কারণ এবং পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, “মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”