বৈদ্যুতিক, হাইব্রিড ও দেশে উৎপাদিত গাড়ি কেনার ক্ষেত্রে চলমান ঋণ সুবিধা আরও বাড়ানো হয়েছে। পরিবেশবান্ধব এসব গাড়ির ব্যবহার উৎসাহিত করতে ঋণ সুবিধা বাড়ানো হয়েছে। পাশাপাশি দেশে উৎপাদিত গাড়ির ব্যবহারও বাড়বে। এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। সার্কুলারে এসব গাড়ি কেনার ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর পাশাপাশি গ্রাহকের নিজস্ব বিনিয়োগের হার কমানো ও ব্যাংকের ঋণসীমা বাড়ানো হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত ঋণের সর্বোচ্চ মেয়াদ বাড়িয়ে ৮ বছর করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, সাধারণ গাড়ি কেনার ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যা আগের নিয়মের মতোই বহাল থাকবে। তবে বৈদ্যুতিক, হাইব্রিড ও দেশীয়ভাবে উৎপাদিত গাড়ি কেনার ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সাধারণ ঋণের ক্ষেত্রে ঋণ ও মূলধন অনুপাত ৬০:৪০ থাকলেও বৈদ্যুতিক, হাইব্রিড ও দেশীয় গাড়ির জন্য তা বাড়িয়ে ৮০:২০ করেছে। ফলে এসব গাড়ি কিনতে গ্রাহকদের তুলনামূলক কম নিজস্ব অর্থ বিনিয়োগ করতে হবে এবং বাড়তি ঋণ পাবেন। সার্কুলারে বলা হয়, ব্যক্তিগত ঋণ এবং ভোক্তা টেকসই পণ্য কেনার ঋণের সর্বোচ্চ মেয়াদ এখন থেকে ৮ বছর হবে। এর আগে এ ধরনের ঋণের মেয়াদ কম ছিল।








