বরিশাল গণপূর্ত বিভাগের নির্দেশে গৌরনদী মডেল মসজিদের নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ রাখার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার জুমার পর গৌরনদী পৌরসভার আশোকাঠি এলাকায় মসজিদটির নির্মাণস্থলের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ মানববন্ধন হয়। এ সময় মুসল্লিরা বলেন, মডেল মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটিকে ইসলামিক শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, গণপাঠাগার ও সামাজিক-ধর্মীয় কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যেই সরকার প্রকল্পটি গ্রহণ করেছে। তবে গৌরনদীতে দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ বন্ধ থাকায় সাধারণ মুসল্লিরা কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পুনরায় দ্রুত কাজ শুরু করে নির্ধারিত সময়ে প্রকল্পটি সম্পন্ন করার দাবি জানান তারা। তবে কী কারণে মসজিদ নির্মাণ কাজ বন্ধ হয়েছে তা জানাতে পারেননি বক্তারা।

মসজিদ নির্মাণকারী ঠিকাদার টিপু সুলতান বলেন, মসজিদ নির্মাণের প্রায় ৩০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বরিশাল গণপূর্ত বিভাগ থেকে আমাকে মৌখিকভাবে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তাই কাজ বন্ধ রেখেছি। এ বিষয়ে জানতে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে ফোন করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।