চ্যালেঞ্জ কাপের মধ্য দিয়ে ২১ আগস্ট শুরু হবে দেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। আজ শুরু হবে খেলোয়াড়দের দলবদল, চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিটি ক্লাব সর্বোচ্চ ৩৫ জন ফুটবলার নিবন্ধন করতে পারবে। চারজন বিদেশি, দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে তিনজন এবং পাঁচজন বয়সভিত্তিক খেলোয়াড় রাখা বাধ্যতামূলক। বাকি ২৩ জন যে কোনো দেশীয় ফুটবলার হতে পারবেন।
বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের নিবন্ধনের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দিয়েছে বাফুফে। এ ধরনের খেলোয়াড়কে দলে ভেড়াতে আগ্রহী ক্লাবগুলোকে ফেডারেশনকে লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি ফিফার ট্রান্সফার ম্যাচিং সিস্টেম (টিএমএস) ব্যবহার করে আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট (আইটিসি) সংগ্রহ করতে হবে।








