ঘিওরের গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা নামের এনজিওর মালিকের বিরুদ্ধে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে আমানতের টাকা ফেরত দিতে টালবাহানা এবং টাকা চাইতে গেলে গ্রাহকদের উল্টো হুমকি-ধমকি দেন ওই এনজিওর মালিক নাসির উদ্দিন। তাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। মৌহালী বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা এ মানববন্ধন করেন। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে তাদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা ফেরত পাওয়ার দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, মৌহালী গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে ও এনজিওর মালিক নাসির উদ্দিন এলাকার নিু আয়ের মানুষদের অধিক মুনাফা এবং সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করেছেন। কিন্তু পরে গ্রাহকরা তাদের জমাকৃত টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। ভুক্তভোগীদের দাবি, বছরের পর বছর ঘুরিয়েও টাকা ফেরত না দিয়ে উল্টো তাদের ভয়ভীতি ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। মানববন্ধনে ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।