ঘুসকাণ্ডের ভিডিও ভাইরাল হওয়া তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুকে অবশেষে প্রত্যাহারপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। ২ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। কিন্তু মন্ত্রণালয়ের আদেশটি প্রথমে ইউএনও গোপন রাখেন। রোববার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবরটি ফাঁস হওয়ার পর স্থানীয়দের মাঝে স্বস্তি দেখা দেয় এবং ভুক্তভোগীরা এক অন্যকে মিষ্টি মুখ করান। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, তেঁতুলিয়া ইউএনও শাহিন খসরুকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) জনপ্রশাসন মন্ত্রণালয় পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার নামে ইউএনও শাহিন খসরুর বিরুদ্ধে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠে। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ইউএনও’র ঘুসকাণ্ডের ঘটনাটি তেঁতুলিয়া উপজেলাসহ পঞ্চগড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এলাকাবাসীর পক্ষ থেকে তার বিরুদ্ধে শাস্তির দাবি উঠে। কিন্তু ইউএনও দুর্নীতির কেলেঙ্কারি ঠেকাতে ঘুস বিষয়ে ফেসবুকে লাইভ করা নারীর বিরুদ্ধে মামলা করান। একই সঙ্গে তার ক্ষমতাকে কাজে লাগিয়ে নানা অপতৎপরতা অব্যাহত রাখেন এবং তার পক্ষে মানববন্ধনও করান। এরই ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে তেঁতুলিয়া থেকে প্রথমে রংপুরের তারাগঞ্জ উপজেলায় বদলি করে। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় শাহিন খসরুকে প্রত্যাহার করে।

পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, ইউএনও’কে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জেনেছি। তবে সোমবার সর্বশেষ তথ্য অনুযায়ী শাহিন খসরু তেঁতুলিয়াতেই ছিলেন। মন্ত্রণালয়ের আদেশের পরও তিনি কর্মস্থল ত্যাগ করেননি।