গোবিন্দগঞ্জে অটোরিকশা চালককে মারধরের প্রতিবাদ করায় প্রতিপক্ষের ঘুসিতে প্রাণ হারিয়েছেন জহুরুল প্রধান (৪৫) নামে এক গ্রিল মিস্ত্রি। বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের কাটামোড়ে ওই ঘটনা ঘটে। নিহত জহুরুল গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে। জানা যায়, জহুরুল অটোরিকশায় করে বাড়ি যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত কারনে স্থানীয় এরশাদ আলীসহ ২-৩ জন অটোরিকশার চালককে মারধর শুরু করেন। জহুরুল মারধরে বাধা দিলে অভিযুক্ত এরশাদ আলী তাকে বুকে ঘুসি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।








