গোলাপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে জাকির আহমদ নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো- এজাহারভুক্ত আসামি মাদক ব্যবসায়ী টিকরবাড়ী গ্রামের জামাল আহমদ, তার ছেলে সাব্বির আহমদ ও সাদিক আহমদ। আহত জাকিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও তার অবস্থার অবনতি ঘটায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ লোকজন গোলাপগঞ্জ-ভাদেশ্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মাদক ব্যবসায়ী জামিলসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানায়।