বিশ্বকাপের গ্রুপপর্ব শেষেও আত্মবিশ্বাসে ভরপুর কলম্বিয়া। তবে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও একটি জায়গা নিয়ে বড় আক্ষেপ রয়ে গেছে প্রধান কোচ নেস্তর লরেঞ্জোর—ফিনিশিং। পর্তুগালের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর কলম্বিয়ার কোচ বলেছেন, তার দল শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত ফুটবল খেলেছে, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে না পারায় জয় হাতছাড়া হয়েছে।

মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে জেমস রদ্রিগেজ, লুইস দিয়াজ, জন আরিয়াসদের নেতৃত্বে আক্রমণে একের পর এক সুযোগ তৈরি করে কলম্বিয়া। এমনকি বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার পর্তুগালকে অনেক সময় রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে। কিন্তু গোলরক্ষক দিয়েগো কস্তার অসাধারণ সেভ এবং কলম্বিয়ার দুর্বল ফিনিশিংয়ের কারণে ম্যাচটি ০-০ সমতায় শেষ হয়। তবুও ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘কে’-এর শীর্ষে থেকেই শেষ ষোলো নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি।

ম্যাচ শেষে লরেঞ্জো বলেন, 'আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ খেলেছি। পর্তুগালের মতো বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদারের বিপক্ষে সমানতালে লড়েছি, বরং অনেক সময় তাদের ছাড়িয়েও গেছি। কিন্তু শেষ মুহূর্তের ফিনিশিংটাই হয়নি।'

তবে ইতিবাচক দিকও দেখছেন কলম্বিয়া কোচ। তার মতে, দল আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই দারুণ ভারসাম্য দেখিয়েছে। বিশেষ করে ডাভিনসন সানচেজ ও জেফারসন লেরমার পারফরম্যান্সের প্রশংসা করেন তিনি। এখন তার লক্ষ্য, একই ছন্দ ধরে রেখে শেষ ষোলোতে ঘানার বিপক্ষে সুযোগগুলো আরও কার্যকরভাবে কাজে লাগানো।

টিটিটি/এসকেডি/জেআইএম