হারারে স্পোর্টস ক্লাবে একমাত্র টেস্টে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। ফলে সফরকারী বাংলাদেশকে শুরুতেই ব্যাট হাতে নামতে হচ্ছে।

টসের পর জিম্বাবুয়ের অধিনায়ক জানান, নিজেদের কন্ডিশন সম্পর্কে তারা ভালোভাবেই জানেন বলেই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রস্তুতিতেও সন্তুষ্ট তিনি। তার ভাষায়, ‘এই কন্ডিশন আমাদের চেনা। এক-দুই দিনে নেতা হওয়া যায় না। আমরা এখন এখানে, আর প্রস্তুতি যেভাবে হয়েছে তাতে আমি বেশ সন্তুষ্ট।’

অন্যদিকে টস হারলেও বিষয়টিকে বড় করে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, আগে ব্যাটিং বা বোলিং নয়, মূল লক্ষ্য ম্যাচ জেতা।

শান্ত বলেন, ‘আমরা আগে ব্যাট করি বা বোলিং করি, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। জয় আত্মবিশ্বাস বাড়ায়, কিন্তু এটি নতুন একটি টেস্ট ম্যাচ।’

হারারের উইকেটে নতুন বল ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা হবে বলেও মনে করেন তিনি। ‘নতুন বলে ব্যাট করা আরও চ্যালেঞ্জিং হবে। বাড়তি বাউন্স থাকবে, তাই শুরুটা সামলানো গুরুত্বপূর্ণ।’

সাম্প্রতিক সময়ে রান পাওয়ায় আত্মবিশ্বাস বাড়লেও নতুন কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ওপরই জোর দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘রান করলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু এখানে ভিন্ন কন্ডিশন, তাই দ্রুত মানিয়ে নিতে হবে।’

একাদশের বোলিং আক্রমণ নিয়েও কথা বলেন শান্ত। অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে তিন পেসারকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ, ‘আমাদের একজন স্পিনার আছে, তাইজুল। ওর অভিজ্ঞতা রয়েছে। সঙ্গে তিনজন পেসার খেলছে।’

এসকেডি/জেআইএম