রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা পাইরোলাইসিস কোম্পানির বিটুমিন তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ সোহেল রানা (২৪) এবং শাওন মন্ডা (১৬) ঘটনার চার দিন পর সোমবার মারা গেছেন। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আগুনে সোহেলের শরীরের অন্তত ৬০ শতাংশ এবং শাওনের ৭০ শতাংশ ঝলসে গিয়েছিল। সোহেল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মোল্লাপাড়া গ্রামের সামসুদ্দিনের ছেলে এবং শাওন মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিনন্দাপুর গ্রামের ছুনু মন্ডার ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, মারা যাওয়া দুই শ্রমিকের লাশ সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কারখানাটি তালাবন্ধ আছে এবং এর মালিক আত্মগোপনে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

২৫ জুন দুই শ্রমিক অগ্নিদগ্ধ হলে কারখানা কর্তৃপক্ষ ও এলাকাবাসী তাদের দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আলোচিত কারখানাটির অনুমোদনের মেয়াদ শেষ হয়ে গেলেও চলতি বছর পুনরায় অনুমোদন না নিয়েই এতে কাজ চলছে।