প্রথমবারের মতো দুই দিনব্যাপী বর্ষাকালীন বইমেলার আয়োজন করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘গ্রন্থিক’ ও বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’।
আগামী শুক্র ও শনিবার (১০ ও ১১ জুলাই) প্রতিদিন রাজধানীর ধানমন্ডি ২৭-এর রাপা প্লাজার পঞ্চম তলায় অবস্থিত বাহারি আহারে এই মেলার আয়োজন করা হয়েছে।
বইমেলায় থাকছে প্রায় ১৫টি প্রকাশনীর বই। এছাড়া দুই দিনই গুরুত্বপূর্ণ কবি ও লেখকরা উপস্থিত থাকবেন। তারা আড্ডা দেবেন পাঠকের সঙ্গে, থাকবে অটোগ্রাফ ও ছবি তোলার ব্যবস্থা।
গ্রন্থিক প্রকাশক রাজ্জাক রুবেল বলেন, “এই বর্ষায় বই নিয়ে আমরা আসছি আপনার ঘরের পাশে স্লোগান সামনে রেখে বর্ষাকালীন বইমেলা আয়োজনের উদ্যোগ নিয়েছি। যৌথভাবে এই আয়োজন করছি। পরিকল্পনায় রয়েছে ঢাকার আরো কয়েকটি স্থানে মেলা করার।”
‘এবং বই’ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, “বছরব্যাপী বই নিয়ে নানা উদ্যোগের অংশ হিসেবে আমরা গ্রন্থিক-এবং বই বর্ষাকালীন বইমেলার আয়োজন করছি। আশা করি, বইপ্রেমীদের সক্রিয় অংশগ্রহণে সফল হয়ে উঠবে এই আয়োজন।”
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।








