মাধবপুরে যৌতুকের দাবিতে মনিকা আক্তার নামে এক গৃহবধূকে প্রকাশ্যে লাঠিপেটা করে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত স্বামী ছোট্ট মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভিডিওটি ওসি মো. সোহেল রানার নজরে এলে তিনি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছোট্ট মিয়াকে আটক করেন। ভুক্তভোগী মনিকা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। এর আগে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে দিলেও পরে আরও দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তার বাম পা ও ডান হাতে গুরুতর জখম হয়। তিনি আরও অভিযোগ করেন, স্বামীর আগের স্ত্রীর বড় মেয়ে মৌসুমীর হাতেও একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন। স্থানীয়রা আহত মনিকাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন। মনিকা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই গ্রামের মৃত মফিজ মিয়ার মেয়ে। প্রায় তিন বছর আগে মীরনগর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে ছোট্ট মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তিনি ছোট্ট মিয়ার দ্বিতীয় স্ত্রী। ওসি মো. সোহেল রানা জানান, ভুক্তভোগীর মা শাহেনা খাতুন যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন। অভিযুক্ত ছোট্ট মিয়াকে শনিবার দুপুরে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।








