ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আজ ১৬তম দিন। আজই শেষ হচ্ছে জমজমাট গ্রুপ পর্বের লড়াই। আজ মাঠে নামবে ১২টি দল। অনুষ্ঠিত হবে ৬টি ম্যাচ। এই ৬ ম্যাচের মধ্য দিয়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং সেরা তৃতীয় দল নির্ধারণ হবে।

দিনের খেলা শুরু হবে গ্রুপ ‘এল’গ্রুপে হ্যারি কেইনের ইংল্যান্ড ও পানামার ম্যাচ দিয়ে। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও ঘানা। দিনের পরের ভাগে গ্রুপ ‘কে’-তে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল খেলবে কলম্বিয়ার বিপক্ষে।

আর গ্রুপ ‘জে’-তে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে জর্ডানের। যদিও জর্ডানের বিপক্ষে লিওনেল মেসি শুরুর একাদশে থাকছেন না। ম্যাচের শেষ দিকে হয়তো তাকে মাঠে নামাতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

পানামা বনাম ইংল্যান্ড (গ্রুপ এল), রাত ৩টা

উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়াকে হারানোর পর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি থমাস টুখেলের ইংল্যান্ড। শৃঙ্খলাবদ্ধ ঘানার বিপক্ষে ড্র করতে হয়েছে তাদের। পুরো ম্যাচে বলের দখল বেশি থাকলেও ঘানার সুসংগঠিত রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ইংলিশরা। নকআউট পর্বের আগে এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে চাইবে তারা। অন্যদিকে, টানা দুই হারে ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হয়েছে পানামার।

ক্রোয়েশিয়া বনাম ঘানা (গ্রুপ এল), রাত ৩টা

ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় ক্রোয়েশিয়া। জ্লাতকো দালিচের দলের জন্য এই জয় নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে। আরেকটি জয় পেলে তারা নিশ্চিতভাবেই শেষ ৩২-এ উঠে যাবে। এমনকি অন্য ম্যাচের ফল অনুকূলে থাকলে ড্র করেও এগোনোর সুযোগ রয়েছে। অন্যদিকে, নীরবে দুর্দান্ত অবস্থানে রয়েছে ঘানা। কার্লোস কুইরোজের দল প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করেছে, তাও আবার কোনো গোল না খেয়ে। আক্রমণের চেয়ে শক্তিশালী রক্ষণই তাদের মূল ভরসা।

কলম্বিয়া বনাম পর্তুগাল (গ্রুপ কে), ভোর ৫:৩০টা

উজবেকিস্তান ও কঙ্গোকে হারিয়ে ইতোমধ্যেই ‘কে’ গ্রুপ থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে কলম্বিয়া। গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে তাদের শুধু একটি পয়েন্টই যথেষ্ট। তাই শেষ ম্যাচের আগে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা।

অন্যদিকে পর্তুগালের সামনে ভুলের কোনো সুযোগ নেই। প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে হতাশাজনক ড্রয়ের কারণে গ্রুপের শীর্ষে উঠতে হলে রবার্তো মার্তিনেজের দলকে জিততেই হবে। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। সেই ম্যাচে আক্রমণভাগে নেতৃত্ব দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৫ গোলের মধ্যে ২টি গোলই করেছিলেন তিনি। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচেও তিনি চাইবেন নিজের সেরাটা দিতে।

কঙ্গো বনাম উজবেকিস্তান (গ্রুপ কে), ভোর ৫:৩০টা

রোববার আটলান্টায় ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হওয়া উজবেকিস্তানকে হারাতে পারলে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউটে খেলা নিশ্চিত করবে কঙ্গো। বিশ্বকাপে ৫২ বছর পর ফিরে নিজেদের প্রথম ম্যাচেই ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করে চমকে দিয়েছিল সেবাস্তিয়ান দেসাব্রের দল। এরপর কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে গেলেও শেষ ৩২-এর আশা এখনও টিকে আছে তাদের।

আলজেরিয়া বনাম অস্ট্রিয়া (গ্রুপ জে), সকাল ৮টা

অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক জানিয়েছেন, ১৯৮২ বিশ্বকাপের বহুল আলোচিত ‘ডিসগ্রেস অব গিজন’-এর সঙ্গে এই ম্যাচের কোনো তুলনা তিনি দেখতে চান না। তার দল শুধুই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। রোববার কানসাস সিটিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রিয়া এবং তৃতীয় আলজেরিয়া- উভয়েরই সংগ্রহ তিন পয়েন্ট। তাদের ওপরে রয়েছে গ্রুপসেরা ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

জর্ডান বনাম আর্জেন্টিনা (গ্রুপ জে), সকাল ৮টা

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি জর্ডানের বিপক্ষে শুরু থেকেই মাঠে নামবেন না বলে জানানো হয়েছে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এটি নকআউট পর্বের আগে শেষ ম্যাচ।

শুক্রবার, মেসির ৩৯তম জন্মদিনের দুই দিন পর, কোচ লিওনেল স্কালোনি জানিযে দেন, দলের অধিনায়ক এই ম্যাচে বেঞ্চ থেকেই শুরু করবেন। তবে তিনি ইঙ্গিত দেন, ম্যাচের পরের দিকে মেসিকে মাঠে নামানো হবে। গ্রুপের প্রথম অবস্থানে থাকায় অনেকটা ফুরফুরে মেজাজেই মাঠে নামবে স্কালোনির শিষ্যরা।

বি.দ্র: ম্যাচের সূচি বাংলাদেশ সময়ানুযায়ী।

আরএএইচইউএল/আইএইচএস/