আগের দুই ম্যাচ জিতে নকআউট নিশ্চিত হওয়ায় নরওয়ে চেয়েছিল বেঞ্চের খেলোয়াড়দের বাজিয়ে দেখতে এবং বড় দলগুলোর মুখোমুখি এড়াতে; কিন্তু পাসার দান উল্টে যায় ম্যাচের প্রথমার্ধে। উসমান দেম্বেলে হ্যাটট্রিক করে বুঝিয়ে দেন, নরওয়ে কোচের সিদ্ধান্ত কতটা ভুল ছিল।

শুক্রবার ফ্রান্সের কাছে ৪-১ গোলে হারের ম্যাচে দলের প্রধান খেলোয়াড়দের বিশ্রাম দেওয়াকে ‘স্পষ্ট ও স্বাভাবিক সিদ্ধান্ত’ বলে ব্যাখ্যা করেছেন নরওয়ের কোচ স্টালে সোলবাক্কেন। যদিও জিতলে গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান দখলের সুযোগ ছিল, তবুও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের কথা মাথায় রেখে খেলোয়াড়দের শারীরিক অবস্থাকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।

ম্যাচ হেরে সাংবাদিক সম্মেলনে এই কোচ বলেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে, ফিজিওলজি টিম, মেডিকেল টিম এবং কিছু খেলোয়াড়ের কাছ থেকেও এটি ছিল একেবারে স্পষ্ট সিদ্ধান্ত। অনেকেই বলেছেন, খেলাটা কঠিন হবে। সেনেগালের বিপক্ষে যারা খেলেছিল, তারা অনুশীলনই করতে পারেনি। সবাই হালান্ড ও ওডেগার্ডকে দেখতে চেয়েছিল। কিন্তু আমাদের আরও অনেক দূর যাওয়ার কথা ভাবতে হবে। তাই এই সিদ্ধান্তটি খুবই স্বাভাবিক ছিল।’

গত সোমবার সেনেগালকে হারানো দলের তুলনায় ফ্রান্সের বিপক্ষে নরওয়ে প্রথম একাদশে ১০টি পরিবর্তন আনে। কেবল আউরসনেস দুই ম্যাচেই শুরু থেকে খেলেন। দলের দুই বড় তারকা মার্টিন ওডেগার্ড ও আর্লিং হালান্ড ফ্রান্সের বিপক্ষে বেঞ্চেই বসে ছিলেন; তারা মাঠেই নামেননি।

দ্বিতীয় রাউন্ডে নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট। সোলবাক্কেন জানান, প্রতিপক্ষ এক দিন বেশি বিশ্রাম পাওয়ায় সেটিও শুক্রবার খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল। তিনি বলেন, ‘এখন পরিস্থিতি সমান হওয়া উচিত। যদি বিষয়টি বিবেচনায় নেন, তাহলে সেনেগালের ম্যাচ থেকে এই ম্যাচ পর্যন্ত আমাদেরই সবচেয়ে কম সময় ছিল। আমরা সবকিছু হিসাব করে সিদ্ধান্ত নিই, তাই আজকের পরিকল্পনার এটিও একটি অংশ ছিল।’

আরআর/আইএইচএস/