বিশ্বকাপের গ্রুপপর্বটা এবার তেমন একটা ভালো যায়নি ইউরোপের পরাশক্তি পর্তুগালের। গ্রুপপর্বে দুর্বল উজবেকিস্তানের বিপক্ষে জিতলেও নবাগত কঙ্গোর বিপক্ষে ড্র করে তারা। শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে হারতে হারতে কোনোমতে ড্র করে রোনালদো দল।

গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউট রাউন্ডে তারা মুখোমুখি হচ্ছে শক্তিশালী ক্রোয়েশিয়ার। ম্যাচটি বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে ফেবারিট কে হবে, সেটা নিয়ে কথা বলেছেন পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা।

পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা গ্রুপে প্রথম হয়ে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু সেটা করতে পারিনি। তবে এটা পৃথিবীর শেষ নয়। আমরা আরও ভালো করতে চেয়েছিলাম, কিন্তু আমরা ভালো অবস্থায় আছি এবং প্রস্তুত। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য বড় একটি পরীক্ষা ছিল। এমন দলের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। ফেভারিট কারা, সেটা আমি জানি না। তবে আমরা তাদের যথাযথ সম্মান করি এবং নিজেদের সেরাটা দিতে চাই। ওই গোল বাতিল হলে তো আর্সেনাল শিরোপাই জেতে না’

লুকা মদরিচ সম্পর্কে জানতে চাইলে সিলভা প্রশংসায় ভাসান ক্রোয়েশিয়ান মিডফিল্ডারকে। তিনি বলেন, ‘তিনি আমার কাছে একজন আদর্শ। শুধু সর্বোচ্চ পর্যায়ে যেভাবে খেলেছেন তা নয়, পুরো ক্যারিয়ারজুড়ে যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন, সেটাও আমার জন্য এবং আমার বিশ্বাস সব ফুটবলারের জন্যই অনুপ্রেরণা। এই বয়সেও যেভাবে তিনি খেলছেন, তা সত্যিই অসাধারণ। আমি বহুবার তার বিপক্ষে খেলার সৌভাগ্য পেয়েছি। ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের একটি ম্যাচের পর আমি তার জার্সিও চেয়েছিলাম। সেটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম। সম্ভবত আমার বাড়িতে থাকা জার্সিগুলোর মধ্যে সেটিই সবচেয়ে বিশেষ। আমি তার জন্য শুভকামনা জানাই—তবে আগামী দুই দিনের জন্য নয়। কারণ আমি তাকে হারাতে চাই। তিনি আমার জন্য সত্যিই এক মহান অনুপ্রেরণা।’

আরআর/এমএমআর