গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের চতুর্থ পর্যায়ের ‘সাবজেক্ট চয়েস’-এর ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল শনিবার (২৭ জুন) মাঝরাতে গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। পাশাপাশি ভর্তিপ্রক্রিয়ার পরবর্তী নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চতুর্থ পর্যায়ে (মেরিট) মনোনীত শিক্ষার্থীদের ২৮ জুন দুপুর ১২টা থেকে ২৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে নির্ধারিত পাঁচ হাজার টাকা ভর্তি ফি পরিশোধ করতে হবে।

এ ছাড়া প্রাথমিক ভর্তি নিশ্চিত করা শিক্ষার্থীদের ২৯ জুন হতে ৩০ জুন প্রতিদিন সকাল ১০টা হতে বেলা ৩টা পর্যন্ত গুচ্ছভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ে আবেদনকারী সশরীর উপস্থিত হয়ে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্রসমূহ (একটি A4 সাইজ খামে ভরে খামের ওপর আবেদনকারীর GST রোল নম্বর লিখে খামসহ) জমা দিতে হবে।

ওয়েবসাইট সূত্রে আরও জানা যায়, চতুর্থ মেরিট লিস্টে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মনোনীত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন না করলে পরবর্তী সময়ে গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। একইভাবে প্রাথমিক ভর্তি বাতিল করলেও পরবর্তী সময়ে গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না শিক্ষার্থীরা।

আইটি স্কলারশিপ ২ লাখ টাকার, ডিগ্রি যা-ই হোক, হয়ে উঠুন আইটি প্রফেশনাল

এদিকে মাইগ্রেশন–প্রক্রিয়া চালু থাকাকালে কোনো শিক্ষার্থী নির্দিষ্ট বিভাগে ভর্তি স্থায়ী (স্টপ মাইগ্রেশন) করলে পুনরায় স্বয়ংক্রিয় মাইগ্রেশনের সুযোগ পাবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে Migration Stop (Stop University Migration/Stop All Migration) করতে চাইলে ২৮ জুন দুপুর ১২টা থেকে ৩০ জুন বেলা ৩টা পর্যন্ত সময় পাবেন। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইট এবং অনলাইন ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

প্রসঙ্গত, আগামী ১৫ জুলাই থেকে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষার কোর কমিটি। এ বিষয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সভা আহ্বান করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি ভর্তি কার্যক্রম সহজতর করতে থাকবে ‘বিশেষ সহায়তা সেল’। ২২ জুন গণমাধ্যমের উদ্দেশে এ তথ্য জানান জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার কোর কমিটির (২০২৫-২৬) আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান।

*লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি, প্রোগ্রামের খুঁটিনাটি জেনে নিন